
স্টাফ রিপোর্টার
খুলনা, ৬ সেপ্টেম্বর: খুলনা পাবলিক কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কেরাত, আজান, হামদ-নাত, বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও শ্রদ্ধার সাথে অংশগ্রহণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান শিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, খুলনা বিভাগ। সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, পদাতিক, অধ্যক্ষ, খুলনা পাবলিক কলেজ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা পাবলিক কলেজের সম্মানিত শিক্ষক-কর্মচারীবৃন্দ, প্রিয় শিক্ষার্থী ও শিশু-কিশোর প্রতিযোগীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সীরাত মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার দীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয়। প্রধান অতিথি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে ইসলামিক মূল্যবোধ ও আদর্শকে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি সাহেব সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে নবীজির (সা.) আদর্শকে ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার। 













