
স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটা (খুলনা), ৪ সেপ্টেম্বর:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন শ্রমিক লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে সরকারি অনুদানে প্রাপ্ত মহিলা মাদ্রাসা বিক্রি ও কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, বটিয়াঘাটা উপজেলার শ্রমিক লীগ সভাপতি নজরুল ইসলাম খান বিভিন্ন ক্ষমতাধর মহলের আশ্রয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন।গোপন সূত্র ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, বটিয়াঘাটা বাজার সংলগ্ন একটি মহিলা মাদ্রাসা এবং তামিম ঘর নামে একটি সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান বিক্রি করে প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া মাদ্রাসার নামে বিভিন্ন দপ্তর থেকে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।এলাকাবাসীর দাবি, নজরুল ইসলাম ও তাঁর ঘনিষ্ঠরা বিভিন্ন সময়ে সরকারি জমি দখল, রাস্তার পাশে বসবাসকারীদের উচ্ছেদের ভয়ভীতি, এবং স্থানীয় ব্যবসায়ীদের ওপর প্রভাব খাটিয়ে চলেছেন। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যরাও একাধিক সময় নানা অপরাধে জড়িত ছিলেন।নজরুল ইসলাম খানের ছেলের বিরুদ্ধে ২০২০ সালে গল্লামারী পুলিশ চেকপোস্টে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তারের অভিযোগ রয়েছে। অন্যদিকে পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, এবং হামলার ঘটনাও অভিযোগ আকারে এলাকাবাসী উত্থাপন করেছে।এই ঘটনায় জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। বটিয়াঘাটা উপজেলার ২নং সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাটবাড়ি এলাকার বাসিন্দারা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।তবে এ বিষয়ে নজরুল ইসলাম খানের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

স্টাফ রিপোর্টার 













