
নবীনগর উপজেলা প্রেসক্লাব নিউজ।
ফ্যাসিবাদের বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৭/৮) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্র-জনতা বিজয় উদযাপন পরিষদের উদ্যোগে নবীনগর হাই স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন তাপস। ছাত্র-জনতা বিজয় উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা ও সমবায় মার্কেটের আহ্বায়ক আশরাফ হোসেন রুবেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, পৌর সভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, জেলা পরিষদ সদস্য হযরত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
কনসার্টে সংগীত পরিবেশন করেন, ঢাকা থেকে আগত কণ্ঠশিল্পী কণা, সজল, সাথী খান ও শেফালী সারগাম। উপস্থাপনায় ছিলেন , আনিকা কবির শখ ও ফ্লাই ড্যান্স গ্রুপ। কণ্ঠশিল্পীরা ও উপস্থাপিকার কোকিলা কন্ঠে মনোরম পরিবেশে নৃত্যের মাধ্যমে মাতিয়ে তুলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। রাত বারোটা পর্যন্ত চলে সেই কনসার্ট। প্রতিকূল আবহাওয়া থাকায় আনন্দ উল্লাসে মেতে উঠে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হোসেন তাপস বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের মাঝে আমার বাবার মত জীবন বিলিয়ে দিতে চাই, আপনাদের সুখে দুঃখে থাকতে চাই। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমার দলের লোক যদি কেউ চাঁদাবাজি করে,কোন অন্যায়- অবিচার করে দ্রুতগতিতে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করবেন। এটা আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ।

নবীনগর উপজেলা প্রেসক্লাব নিউজ। 











